নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুইজনের মধ্যে পাশা (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। তাঁর শরীরের ৮৭ শতাংশ দগ্ধ এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসাধীন ছিলেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পাশা ও রঞ্জিত দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পাশার মৃত্যু হয়। এ ঘটনায় রঞ্জিত (৪৫) নামের দগ্ধ অপর এক ব্যক্তি একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে যায়। এ ছাড়া তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ইনহেলেশন ইনজুরি হিসেবে পরিচিত।


