আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
তিনি বলছেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। এ দেশের লোকজন আমাদের অনেক প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে। এখন তারা জানে যা করার বিএনপিই করবে। আপনারা সতর্ক থাকবেন। যারা শিক্ষা অধিদপ্তরের পিয়নকে ৫০ টাকা দিয়ে গেটে ঢুকে, তারা আপনাদের কি দাবি আদায় করবে? নিজের দাবিই তো আদায় করতে পারে না। সুতরাং আপনারা সতর্ক থাকবেন।’
আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেছেন তিনি।
ত্রি-বার্ষিক সম্মেলনে সেলিম ভূঁইয়া এমপি আরও বলেন, জাতীয়করণ হলে শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা দুটিই বাড়বে। প্রধানমন্ত্রী বলেছেন– শিক্ষকদের চাকরি জাতীয়করণের জন্য টাকা যা লাগে তাই দিবো। কিন্তু উনি আমাদের কিছু দায়িত্বও দিয়েছেন। অনেক মাদ্রাসা, স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ও আছে যাদের শিক্ষক আছে ছাত্র নাই। শিক্ষকেরা যখন নিয়োগ পান, তারা জানেন না সেখানে কতজন শিক্ষার্থী আছে। তাহলে এসব কি রাষ্ট্রের অপচয় না? এই শিক্ষকদেরও আমরা জাতীয়করণের পক্ষে, তবে শর্ত দেওয়া হবে ছাত্র সংখ্যা বাড়াতে হবে। সে হিসাবে ৩২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যদি ২৫–২৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করে দিতে পারি-তাহলে তো আমার মনে হয় বেশির ভাগই এই সুবিধাটা পেয়ে যাবেন।’
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিষ) এর কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মাধ্যমিক উচ্চ উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।


