পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম–পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘আজ সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।’
ওসি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম–পরিচয় জানা যায়নি। তবে নিহত দুজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসর চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’



