ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের খুব দ্রুতই ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার দুপুরে রাজশাহীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও যেন সহজে ভূমি সংক্রান্ত সেবা দেয়া যায়, সে লক্ষ্যে কাজ করছে সরকার। ভূমির জটিল বিষয়গুলোকে সহজলভ্য করে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ চলছে। ভূমি সেবাকে ডিজিটালাইজেশন করার পাশাপাশি নাগরিক দুর্ভোগ লাঘব করাই হবে এর মূল লক্ষ্য।’
সেবা নিতে এসে হয়রানি প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, ‘যার জমি, যার সমস্যা সে বলবে। ওখান থেকে আর তাকে পাঁচ-ছয়টা ধাপ দিতে হবে না। হয়রানি যেন না হয়। যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। সেটার দিকেই আমরা চেষ্টা করছি।’
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হবে। কিছু কিছু জায়গায় সংশোধনী প্রয়োজন। আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে।’



