গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘অতীতে ১৫–১৬ বছরে দুর্গাপূজাকে ঘিরে নানা ঘটনা ঘটেছে। কিছু দুর্ঘটনা ঘটানোর চেষ্টা থাকলেও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা ঘটনার আগেই ব্যবস্থা গ্রহণ করেছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অনেক বছর পর শান্তিপূর্ণভাবে, আনন্দের সাথে নিরাপদে দুর্গাপূজা হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ জনগনের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধর্মীয় সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পাহাড়ে কয়েকটি গ্রুপ আছে, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে। সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমরা শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরানোর জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করছি।’
তিনি বলেন, ‘ডিসেম্বরে ঘোলা পানিতে মাছ ধরার কোনো চেষ্টা সহ্য করব না। কোনো অপতৎপরতা করতে দেওয়া হবে না। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবশ্যই হবে। এ নিয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে।’


