নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে জেলা কারাগার থেকে মিন্টুকে গুরুদাসপুর আমলি আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, শাকিল হত্যা মামলার তদন্তের স্বার্থে মিন্টুকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে প্রথম দফায় তিন দিনের রিমান্ড শেষে গত শুক্রবার বিকেলে মিন্টুকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরদিন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলার তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল ইসলাম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
২৬ অক্টোবর রাতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাকিল গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।


