বিএনপির ডাকা চলমান অবরোধের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জের চালবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মহুগাঁও বটতলী বাজারের পূর্ব দিকে টেউনি ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সেতাবগঞ্জ থেকে চালবোঝাই একটি ট্রাক রংপুর যাওয়ার পথে বটতলী বাজার এলাকায় ট্রাকটি আটকায় দুর্বৃত্তরা। এরপর পেট্রোলবোমা দিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ সুমনসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তবে এঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।



