পঞ্চগড়ের দেবীগঞ্জে মোকলেছার রহমান (৩০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল এলাকার বাড়ির পাশ থেকে আজ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোকলেছার ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিকস দোকানদার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে দোকানে গিয়ে আর ফেরেননি মোকলেছার। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি বাঁশ বাগানের কাছে তাঁর মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন স্থানীয় এক নারী। এরপর স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরিবারের ধারণা, গভীর রাতে তাঁকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
নিহত মোকলেছারের বাবা শাহাবুদ্দিন বলেন, ‘আমার ছেলে বাজারে কসমেটিকের দোকান করে। রাতে দোকানে কথা বলে বের হয়ে আর ফেরেনি। আমার ধারণা, ওর বন্ধুরাই ওকে খুন করেছে।’
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা বলেন, ‘একটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা তদন্ত করছি কীভাবে, কারা হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’



