নিখোঁজের ৫৭ ঘণ্টা পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার দিরাই উপজেলার শরিফপুর ইটবাট্টা এলাকায় পুরাতন সুরমা নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। মরদেহটি মাওলানা মুশতাকের বলে তাঁর স্বজনেরা নিশ্চিত করেছেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি তাঁর পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমরা ধারণা করছি, এটি মাওলানা মুশতাক আহমদের মরদেহ।’
এদিকে জেলা জমিয়তের নেতা সুনামগঞ্জ -৩ আসনের জমিয়তের সম্ভাব্য প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরী মুশতাকের মরদেহ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
মাওলানা মুশতাক গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরদিন তাঁর স্ত্রী রুবি বেগম বুধবার (৩ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে। এর পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।



