সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে বেড়াতে যাওয়া এক প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তিনজনকে আটক করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গত সোমবার সাতক্ষীরা থেকে সিলেটে আসেন ওই নারী। প্রথমে শাহজালাল ও পরে শাহপরান মাজারে যান তিনি। রাতে শাহপরান মাজারে গেলে একজন বখাটে তাঁকে বিয়ের প্রস্তাব দেন। বিভিন্ন ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহযোগীদের সহায়তায় লোহাড়পাড়া এলাকায় নিয়ে যায় তাঁকে। এরপর ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায় তারা।
পরে ভুক্তভোগী নারী মুঠোফোনে র্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে র্যাব।
র্যাব ৯ এর কমাণ্ডিং অফিসার মেজর সাদমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এদিকে এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক আসামিদের বিরুদ্ধে মামলা শেষে থানার মাধ্যমে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



