জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, গ্যাসের সংকট কমাতে আগামী দুই বছরে সারা দেশে ১০০টি নতুন গ্যাস কূপ খনন করা হবে। এ ছাড়া পুরোনো ৩১টি গ্যাস কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।
জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে আজ শুক্রবার দুপুরে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের উদ্বোধনের পর সাংবাদিকদের এসব তথ্য জানান সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ ছাড়া গ্যাস মজুতের জায়গার স্বল্পতা থাকায় বৃহৎ আকারে আমদানি সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। তাই সরকার মজুতের জায়গা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। আর জামালপুরে এই প্রকল্পে গ্যাস পাওয়া গেলে তা যমুনা সার কারখানায় প্রদানের কথা জানান তিনি।
সাইফুল ইসলাম বলেন, তবে আগামী ৫ থেকে ১০ বছরে নতুন আবাসিক সংযোগ দেওয়া সম্ভব হবে না। আর যারা অর্থ দিয়েছেন তারা সেই অর্থ ফেরত নিতে পারেন বলে মন্তব্য করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, জেলা ও উপজেলা প্রশাসনসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জামালপুরের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬৮ কোটি টাকা। প্রায় ৩ হাজার মিটার খননের পর ৪০০ বিসিএফ গ্যাস পাওয়া গেলে ভোক্তা পর্যায়ে এর বাজার মূল্য দাড়াবে ১৬ হাজার ৭০০ কোটি টাকা। আর জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ১০ এমএমএম সিএফ গ্যাস।



