ঈদুল আজহাকে সামনে রেখে ১০ মে থেকে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও বিপণি বিতান খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর এক চিঠিতে এ দাবি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধের সিদ্ধান্তের ফলে দেশের হাজার হাজার ব্যবসায়ী চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এতে বলা হয়, নির্ধারিত সময়ের আগেই শপিংমল বন্ধ করে দেওয়ায় আশঙ্কাজনক হারে বিক্রি কমে গেছে এবং ব্যবসার স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।
চিঠিতে ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, এই পরিস্থিতির কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং তৈরি পোশাক বিক্রেতারা মারাত্মক সংকটের মুখে পড়েছেন।
বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনে শপিংমল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা নির্ধারণের প্রস্তাব করে দোকান মালিক সমিতি। এতে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনি গ্রাহকরা সন্ধ্যার পর পর্যাপ্ত সময় কেনাকাটার সুযোগ পাবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।



