সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যাত্রায় বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।
জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) বাজেটে নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট।’
তিনি বলেন, ‘সরকার প্রায় ২ দশমিক ৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে ৪ দশমিক ৫ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। আমার ধারণা, রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘সুতরাং, প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।’



