ওমান উপকূলে ইরানসংশ্লিষ্ট একটি তেলের ট্যাংকারে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। আজ শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা হয়েছে। উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ভারতের পক্ষ থেকে আমাদের তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করেছি। বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর এ ধরনের প্রাণঘাতী হামলা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়।’
এর আগে গত বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে জানানো হয়, ওমান উপকূলে ইরানসংশ্লিষ্ট একটি তেলের ট্যাংকারে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এর আগে ঘটনাটিতে তিন নাবিক নিখোঁজ থাকার কথা জানানো হয়েছিল।
ইরানভিত্তিক জাহাজে ওয়াশিংটনের অবরোধের অংশ হিসেবে এ মার্কিন অভিযান চালানো হয়। গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের এ নৌ অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম হরমুজ প্রণালিতে কোনো নিহত হওয়ার ঘটনা ঘটে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, এ অবরোধের পর থেকে মার্কিন বাহিনী এখন পর্যন্ত আটটি জাহাজ বিকল করেছে ও ১০০টিরও বেশি জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে।



