সরবরাহের অজুহাতে রাজধানীতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে পানি জমায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। আজ শুক্রবার সকাল থেকেই বৃষ্টি থাকলেও কাঁচাবাজারে ক্রেতাদের ভিড় অন্য দিনের মতোই।
বিক্রেতারা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে বাজারে সরবরাহ কম। অন্যদিকে ক্রেতারা জানিয়েছেন, বাজারে বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাকাচ্ছেন।
রাজধানীর কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা কলার প্রতিহালি বিক্রি হচ্ছে ২০ টাকায়। মানভেদে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা। চাল কুমড়া প্রতিটির দাম ২০ টাকা।
তবে বর্ষাকাল হওয়ার বাজারে শাকের সরবরাহ বেশি। লাল শাক প্রতি আটি ১০ টাকা। পুইশাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি আটি।
কেজিতে ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। লাউ ৫০ টাকা। চালের দাম নতুন করে বাড়েনি। আগের দামেই কেজি ৩ টাকা বেশি দিয়ে কিনছেন ক্রেতারা। মিনিকেট চালের দাম ৭৫ টাকা। মোটা চাল ৫৫-৬০ টাকা। নাজিরশাইল চাল ৯০ টাকা। চিনিগুড়া চালের দাম ২০০ টাকা ছাড়িয়েছে।
সোনালি মুরগির দাম কেজিতে কমেছে ৩০ টাকা। বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। কেজিতে ১০ টাকা দাম বেড়েছে ব্রয়লার মুরগির। বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এছাড়া মাছ বাজারে সব মাছের দাম চড়া।



