পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসি'র ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়াও বিভিন্ন পর্যায়ের পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে। প্রতিষ্ঠানটিতে একসঙ্গে এতজন কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনা এটাই প্রথম।
গত বছর ৫ মার্চ বিএসইসি'র তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অন্য কমিশনারদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ ও নাজেহালের ঘটনায় মোট ২২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল প্রতিষ্ঠানটি। এর মধ্যে ১৭ জনকে বাধ্যতামূলক অবসর ও ৫ জনের বেতন সর্বনিম্ন স্তর বা গ্রেডে নামানো হলো।
গত মঙ্গলবার এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে বিএসইসি। গত বছর আন্দোলনের সময় অভিযুক্ত ব্যক্তিরা কমিশনের মূল ফটকে তালা দেন, সিসিটিভি ক্যামেরা ও কমিশনের লিফট বন্ধ করে দেন। এসময় বিদ্যুৎ সংযোগ বন্ধ কোরে অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ ওঠে।



