দেশের গ্রামীণ জনগোষ্ঠীর ২৬ দশমিক ৬৪ শতাংশ মানুষের কোনো সঞ্চয় নেই। সম্প্রতি মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে জরিপ শেষে এ তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম)।
সংস্থাটি বলছে, দেশে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকলেও সে অনুপাতে বাড়েনি মানুষের আয়।
গ্রামের মানুষের ৭৭ শতাংশই জানিয়েছেন, জীবনযাত্রার ব্যয় মেটানোর পর সঞ্চয় করার মতো বাড়তি অর্থ তাঁদের হাতে থাকে না। এই জরিপের তথ্যেই গ্রামীণ জনগোষ্ঠীর সঞ্চয় পরিস্থিতির এই চিত্র উঠে এসেছে।
সঞ্চয়ের দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে দেশের সর্বউত্তরের বিভাগ রংপুর। এ বিভাগের ৪৫ দশমিক ৯৪ শতাংশ গ্রামীণ মানুষের হাতে ভবিষ্যতে ব্যবহারের সঞ্চয় নেই।



