দীর্ঘ অপেক্ষার পর টাকা ফেরত পেতে শুরু করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। গত কয়েকদিনের আবেদনের পর সোমবার থেকে টাকা তুলতে পারায় স্বস্তিতে গ্রাহকেরা। প্রথম দিন যারা টাকা তুলতে এসছেন, তাদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গেল এক সেপ্টম্বরে যারা আবেদন করেছেন, প্রথম দিন তাদের টাকা দেওয়া হয়েছে।
আবেদনের প্রেক্ষিতে চাহিদা অনুযায়ী টাকা তুলেছেন ব্যক্তি আমানতকারীরা। আমানতকারীদের কয়েকজন জানান, যত টাকার জন্য আবেদন করেছিলেন ততই তুলতে পেরেছেন।
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত উত্তোলনের আবেদন তুলনামূলক কম। এ পর্যন্ত ব্যাংক থেকে আমানত তোলার জন্য ৭৪ হাজার গ্রাহক আবেদন করেছেন। এর বিপরীতে ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরত চেয়েছেন তারা।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার জানান, নগদ অর্থের সংকট নেই। চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন করা যাবে। ব্যক্তি আমানতকারীদের আবেদন এবং টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দিতে এরইমধ্যে ৫ হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আমানত ফেরতের ধারাবাহিকতা এবং লেনদেন স্বাভাবিক হলে, ব্যাংকটি দ্রুতই গ্রাহকদের আস্থা অর্জন করবে বলে আশা করছেন কর্মকর্তারা।



