ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার থেকে আমানতকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের আবেদন নেওয়া হচ্ছে। প্রথম দিন যারা আবেদন করেছেন, তারা আগামী ১৫ অক্টোবর থেকে টাকা তুলতে পারবেন। এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় অর্থের জোগান দেবে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে চাহিদামতো টাকা তুলতে না পারা গ্রাহকদের মধ্যে এতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, আগামী ২০ অক্টোবরের পর থেকে আবেদন ছাড়াই টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকেরা। পর্যায়ক্রমে ব্যাংকটির সব শাখা থেকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে রয়েছে ন্যাশনাল ব্যাংক। আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম, ঋণ বিতরণে অব্যবস্থাপনা ও ব্যাপক লুটপাটের অভিযোগে ব্যাংকটির আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে। এর ফলে আমানতকারীদের অনেকে দীর্ঘ সময় ধরে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারেননি। এবার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আর্থিক সহায়তার আশ্বাসে আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ব্যাংকটি।
প্রথম দিনে আমানতকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের আবেদন গ্রহণ করা হয়। ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখার ব্যবস্থাপক মঈনুল ইসলাম জানান, প্রথম দিন যারা আবেদন করেছেন, তারা ১৫ অক্টোবর থেকে টাকা তুলতে পারবেন। পর্যায়ক্রমে ব্যাংকটির সব শাখায় আবেদন অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রতিবছর লোকসান গুনছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির বিতরণ করা ঋণের ৫৬ শতাংশের বেশি বর্তমানে খেলাপি, যার পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা। বিপুল অঙ্কের খেলাপি ঋণ ও দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে আমানতকারীদের আস্থা ফেরানো এখন ব্যাংকটির জন্য বড় চ্যালেঞ্জ।


