গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ইউনূস সেন্টারের ফেসবুক পেজে মঙ্গলবার এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট আনন্দের সঙ্গে জানাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমতিক্রমে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগদান করেছেন।
ফেসবুকে ইউনূস সেন্টার জানিয়েছে, সরকারি অনুমোদনের পর গ্রামীণ বিশ্ববিদ্যালয় বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি একদিকে একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, অন্যদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজও চলছে।
পোস্টে বলা হয়, গ্রামীণ বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের মার্চ মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায়; পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকেও অনুমোদন পায়।
প্রসঙ্গত, ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ২৭ আগস্ট ঢাবির উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২২ ফেব্রুয়ারি তিনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।



