বিদেশে পড়ার স্বপ্ন দেখছেন? ভাবছেন আইইএলটিএসে ভালো স্কোর করলেই তো হয়ে গেল। কিন্তু সত্যি বলতে—আসল কাজ শুরু হয় ঠিক তার পর থেকে। কোন দেশ ভালো? কত টাকা লাগবে? স্কলারশিপ কীভাবে মিলবে? আর ভিসা রিজেক্টের ভয় নেই তো? অধিকাংশ শিক্ষার্থী শুধুমাত্র পরীক্ষা দেওয়া নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে শেষ মুহূর্তে এসে আটকে যায়। বিদেশে উচ্চশিক্ষা কিন্তু এক-দুই দিনের বিষয় নয়, এটি একটি দীর্ঘমেয়াদি মিশন। চলুন, একদম শূন্য থেকে ভিসা পাওয়া পর্যন্ত বিদেশে উচ্চশিক্ষার ৭টি ধাপ জেনে নেওয়া যাক।
বিশ্ববিদ্যালয় নির্বাচন
প্রথম কাজ—নিজের লক্ষ্য স্পষ্ট করা। আপনি কি ব্যাচেলর করতে যাচ্ছেন, নাকি মাস্টার্স বা পিএইচডি? কোন সাবজেক্টে আপনার আগ্রহ? লক্ষ্য ঠিক হলে শুরু হবে দেশ ও বিশ্ববিদ্যালয় বাছাই। অনেকেই ভুলটা করেন শুধু বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখে। কিন্তু শুধু র্যাঙ্কিং দেখলে চলবে না। দেখতে হবে ৪টি বিষয়: টিউশন ফি কত? জীবনযাত্রার খরচ কেমন? স্কলারশিপের সুযোগ আছে কি না? এবং পড়াশোনা শেষে চাকরির সম্ভাবনা কেমন?
একটা ভুল কখনই করবেন না—শুধু একটি দেশ বা একটি বিশ্ববিদ্যালয়ের ওপর বাজি ধরবেন না। সবসময় ৩ থেকে ৪টি বিশ্ববিদ্যালয় শর্টলিস্ট করবেন। আর যেকোনো তথ্যের জন্য কোনো এজেন্টের কথা অন্ধভাবে বিশ্বাস না করে, সরাসরি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ব্রাউজ করুন।
একাডেমিক প্রোফাইল প্রস্তুত
শুধু ভালো একটা সিজিপিএ থাকলেই কি স্কলারশিপ নিশ্চিত? একদম নয়। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো আপনার পুরো প্রোফাইল দেখে। সিজিপিএর পাশাপাশি আপনার যদি থাকে গবেষণা, প্রজেক্ট, অলিম্পিয়াড, বিতর্ক, ভলান্টিয়ারিং বা নেতৃত্বের অভিজ্ঞতা—তবে আপনি অন্যদের চেয়ে অনেক দূর এগিয়ে থাকবেন। আর আজই যা করা দরকার—আপনার সব সার্টিফিকেট, মার্কশিট ও ট্রান্সক্রিপ্ট গুছিয়ে ফেলুন। প্রয়োজনে অফিশিয়াল ইংরেজি অনুবাদ করিয়ে নিন। সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে পাসপোর্ট নিয়ে। আপনার পাসপোর্টে থাকা নামের বানান যেন শিক্ষাগত সনদের সঙ্গে একচুলও এদিক-ওদিক না হয়। আজই পাসপোর্টের মেয়াদ যাচাই করে নিন।
ভাষা পরীক্ষা কোনটি প্রয়োজন?
এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়—ভর্তি পরীক্ষায়। শুরুতেই বলি—আগে ভাষা পরীক্ষা, তারপর বিশ্ববিদ্যালয়—এই ভুল করবেন না। আগে দেখুন আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় কোনটা চায়।
ইংরেজি মাধ্যমে পড়ার জন্য ইংরেজি ভাষা জানাটা প্রয়োজন। এই ভাষার স্তর পরীক্ষার পর আইইএলটিএস এবং টোফেল সবচেয়ে জনপ্রিয়। দুটিতেই রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং যাচা্ই করা হয়।
আন্ডারগ্র্যাজুয়েট বা স্নাতক ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্র বা কানাডার অনেক বিশ্ববিদ্যালয়েই এসএটি বা স্যাট পরীক্ষা লাগতে পারে। আর যারা মাস্টার্স ও পিএইচডি করতে চান তাদের ক্ষেত্রে এসটিইএম বা স্টিম বা টেকনিক্যাল বিষয়ের জন্য লাগবে জিআরই। আর বিজনেস বা এমবিএর জন্য প্রয়োজন হতে পারে জিম্যাট। এ ছাড়া কেউ যদি জার্মানিতে জার্মান ভাষায় পড়াশোনা করতে চায় তাহলে টেস্ট ডিএএফ বা ডিএসএইচ আর জাপানের জন্য জেএলপিটির মতো ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে। সহজ কথায়—বিশ্ববিদ্যালয়ের চাহিদা দেখুন, তারপর সঠিক পরীক্ষার প্রস্তুতি শুরু করুন।
এসওপি ও এলওআর
পরীক্ষা তো দিলেন, এবার আবেদন করবেন কীভাবে? এখানেই কাজে আসবে আপনার স্টেটমেন্ট অব পারপোজ বা এসওপি এবং লেটার অব রিকমেন্ডেশন বা এলওআর। এসওপি হলো আপনার নিজের গল্প। আপনি কেন এই বিষয়ে পড়তে চান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং কেন এই বিশ্ববিদ্যালয় আপনার জন্য সেরা—তা স্পষ্ট করে লিখতে হবে। আর এলওআর দেবেন আপনার শিক্ষক বা কর্মক্ষেত্রের সুপারভাইজার।
এখানে একটি গোল্ডেন রুল—কখনোই ইন্টারনেট থেকে কপি-পেস্ট করবেন না। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো এক সেকেন্ডেই প্লেজিয়ারিজম ধরে ফেলে। আপনার নিজস্ব অভিজ্ঞতা ও স্বপ্নই আপনাকে হাজার হাজার আবেদনকারীর ভিড়ে আলাদা করবে। আবেদনের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ডেডলাইন ও পেপারসের একটা চেকঅফ লিস্ট বানিয়ে ফেলুন। শেষ দিনের জন্য অপেক্ষা না করে হাতে সময় রেখে আবেদন জমা দিন।
টাকা-পয়সার হিসাব ও স্কলারশিপ
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—প পড়াশোনার খরচ কত? অনেকেই শুধু টিউশন ফি-র হিসাব করেন। কিন্তু মাথায় রাখতে হবে বাসস্থান, খাবার, যাতায়াত, হেলথ ইনস্যুরেন্স ও বইপত্রের খরচ। যদি স্কলারশিপ পান—তবে দেখে নিন সেটি কি ফুল-ফ্রি নাকি পারশিয়াল? সেটি কত বছরের জন্য এবং রিনিউ করার শর্ত কী? আর যদি নিজ খরচে যেতে চান, তবে আপনার বা স্পন্সরের ব্যাংক ব্যালেন্স এবং আয়ের বৈধ কাগজপত্র নিয়ম অনুযায়ী আগেই প্রস্তুত রাখুন। খরচের বিষয়ে না জেনে বা ভুল তথ্যে কান দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না।
অফার লেটার থেকে ভিসা ফেস করা
বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার চলে এসেছে? অভিনন্দন। কিন্তু যাত্রা তো এখনো শেষ হয়নি। অফার লেটারের শর্ত পূরণ করে ডিপোজিট জমা দেওয়া, মেডিকেল টেস্ট করা এবং পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া—সব শেষ করে দাঁড়াতে হবে ভিসা প্রসেসে। ভিসা পাওয়ার মূল চাবিকাঠি হলো—সততা ও তথ্যের মিল। আপনার সার্টিফিকেট, পাসপোর্ট, ব্যাংক ডকুমেন্ট আর অফার লেটারের মধ্যে যেন বিন্দুমাত্র গরমিল না থাকে। তথ্য সঠিক থাকলে ভিসা পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়। ভিসা হাতে পেলে বিমানের টিকিট বুক করা আর যে দেশে যাচ্ছেন তার আইনকানুন সম্পর্কে ধারণা নেওয়া শুরু করে দিন।
তাহলে পুরো বিষয়টাকে এক নজরে দেখে নেওয়া যাক: লক্ষ্য ঠিক করুন, বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম বাছাই করুন, একাডেমিক প্রোফাইল শক্তিশালী করুন, নির্দিষ্ট পরীক্ষা দিন, এসওপি ও এলওআর তৈরি করে আবেদন করুন, ফান্ডিং বা স্কলারশিপ নিশ্চিত করুন, ভিসার প্রস্তুতি নিন।
মনে রাখবেন, বিদেশে পড়াশোনা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি নিখুঁত পরিকল্পনার ফসল। আজই আপনার রোডম্যাপ তৈরি করা শুরু করুন!



