ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা।
গত ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বোস্টনের ঐতিহ্যবাহী অগ্যানিস অ্যারেনায় অনুষ্ঠিত হয় শ্রেয়ার একক কনসার্ট। যেখানে রোমাঞ্চকর কিছু মুহূর্তের সাক্ষী হলেন দর্শক-শ্রোতারা।
সেই কনসার্টে সবকিছু যেন স্বপ্নের মতো ধরা দিয়েছিল এথেনার কাছে। দর্শকসারিতে একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন তিনি। যেখানে লেখা ছিল, ‘শ্রেয়া ঘোষাল ক্যান আই সিং উইথ ইউ?’ (শ্রেয়া ঘোষাল, আমি কি আপনার সঙ্গে গাইতে পারি?)
ব্যস, প্ল্যাকার্ডটি নজর এড়ায়নি গায়িকার! একপর্যায়ে এথেনাকে মঞ্চে ডেকে নেন শ্রেয়া। শুধু তাঁকেই নয়, ইয়াদু এস নায়্যার নামে আরও এক যুবককেও মঞ্চে ডেকে নিয়েছিলেন তিনি। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এই দুজনকে নিয়ে শ্রেয়া তাঁর কণ্ঠে ধরেছেন জনপ্রিয় ‘তুঝ মে রব দিখতা হ্যায়’ গানটি। দর্শকরাও কড়তালিতে আরও রঙিন করে তোলেন মুহূর্তটি।
জানা যায়, বাংলাদেশের রংপুরের পীরগঞ্জ উপজেলার এক সাঁওতাল পরিবারে জন্ম এথেনার। বর্তমানে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রেই থাকেন তিনি। পড়াশোনা করছেন সেন্ট্রাল কানেকটিকাট স্টেট ইউনিভার্সিটির সমাজকর্ম বিভাগে।
ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা এথেনার নাচ ও গানের প্রতি গভীর অনুরাগ। নিয়মিত রেওয়াজ ও অনুশীলনের মাধ্যমেই তিনি নিজেকে প্রস্তুত করেছেন। শ্রেয়া ঘোষাল তাঁর অন্যতম প্রিয় শিল্পী।
এথেনা বলেন, ‘শ্রেয়া ঘোষালের মতো এত গুণী শিল্পীর পাশে দাঁড়িয়ে গান গাইতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করছি।’
এথেনার এমন অভাবনীয় অর্জনে আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি তাঁর বাবা-মা। এত বড় একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শ্রেয়া ঘোষালের সঙ্গে মেয়েকে সুর মেলাতে দেখে গর্বিত তাঁরা।
মেয়ে যেন ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশের ভাবমূর্তি বিশ্বদরবারে উজ্জ্বল করতে পারে, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এথেনার বাবা-মা।


তিন দশক পরও ভক্তদের ভালোবাসায় সিক্ত সালমান শাহ
