দুই বাংলাতেই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশ ছাড়িয়ে কলকাতার টলিউডেও নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন বহু আগেই। তবে তাঁর এই সফল যাত্রা এবার বাধাগ্রস্ত হতে পারে রাজনৈতিক বিতর্কে। টলিউডে জয়ার নিয়মিত কাজ করা নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস।
জুঁই শুধু তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্রই নন, তিনি কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পাশাপাশি তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। স্বরূপ বিশ্বাস বর্তমানে টলিউড শিল্পী ও কলাকুশলীদের সংগঠন ‘ফেডারেশন’-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি পোস্টে জুঁই বিশ্বাস প্রশ্ন তুলেছেন—‘আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে!’
তিনি আরও লেখেন, ‘পশ্চিমবঙ্গে কি কোনো অভিনেত্রী নেই, যিনি ওই চরিত্রে অভিনয় করতে পারতেন? কেন ভারতীয় জাদুঘরে জয়াকে নিয়ে অ্যালবাম রিলিজ হয়? যারা এসব সুযোগ করে দিচ্ছেন, তারা কি দেশবিরোধী কাজ করছেন না?’
স্ট্যাটাসে জুঁই বলিউডের প্রসঙ্গ টেনে বলেন, ‘বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টলিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?’
এই পোস্ট প্রকাশের পর টলিউডের একাধিক শিল্পী ও কলাকুশলী তা শেয়ার করেছেন। নেটিজেনদের একাংশ জুঁই বিশ্বাসের বক্তব্যকে কড়া সমালোচনায় বিদ্ধ করছেন, অন্যদিকে কেউ কেউ আবার তাঁর বক্তব্যের পক্ষে মত দিচ্ছেন। জয়া আহসানের অভিনীত নতুন ছবি ‘ডিয়ার মা’ আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। তার ঠিক আগে এই বিতর্ক ঘিরে উত্তাল হয়ে উঠেছে টলিউড।


‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’র পর এবার ‘ময়না’
