রাজধানীতে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন লাইসেন্স বাতিল হবে না সেই জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই সময় বাড়ানো হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আদ্-দ্বীন হাসপাতালকে ৯ তারিখ বিকেলে ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এদিকে আদ-দ্বীন হাসপাতালের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, মৃত ৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ২৭ মে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়ায় ৩ জুন কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ৪৮ ঘণ্টায় সেই সময় শেষ হচ্ছে আজ। এর প্রেক্ষিতে আরও ৪৮ ঘণ্টা সময় বাড়ানোর আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে আইনজীবীকে সামনে রেখে স্ব-শরীরে জবাব দিতে চায় হাসপাতালটি।



