শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ‘মিজেলস ট্রিটমেন্ট গাইডলাইন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়। সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না।
তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতালে বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে মারা গেছে ৬ নবজাতক। ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই নবজাতকদের মৃত্যু হয়েছে, এর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতেই হবে।
হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসার পরিবেশ এখনও নিশ্চিত হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও জবাবদিহির সংকট চলছে, তা দূর করতে চেষ্টা করছে সরকার।



