দাগছোপ, বয়সের ভাঁজ, কিংবা শুষ্কতা। ত্বকের হাজারো সমস্যার সমাধান করতে পারে একটি উপাদান-ভিটামিন সি। শীতের আবহাওয়া ত্বককে পানিশূন্য করে তুলতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, এই সময়ের স্কিনকেয়ারে ভিটামিন সি থাকা আবশ্যক।
এ ছাড়া ত্বককে টানটান রাখতে সহায়তা করে কোলাজেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যার উৎপাদনের মাত্রা কমতে থাকে। এতে মুখে বয়সের আগেই বলিরেখা পড়ে যায়, ত্বক শিথিল হয়ে যায়। ভিটামিন সি কোলাজেন উৎপাদনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে ত্বককে সতেজ ও সুন্দর রাখে।
ত্বকের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে এ আবহাওয়ায় প্রয়োগ করতে পারেন ভিটামিন সি সেরাম। সেরামে থাকা অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টগুলো ত্বকের গভীরে গিয়ে খুব সহজেই ত্বকের সমস্যা থেকে মুক্তি দেয়।
এ ছাড়া এতে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ আছে, ফলে ত্বকের লালচে ভাব কমাতে আর উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করবে।

সেরাম ব্যবহারের নিয়ম
রাতে ঘুমানোর আগে সারা মুখে কয়েক ফোঁটা ভিটামিন সি সেরাম লাগাতে পারেন। তবে সকালে উঠে ভালো করে মুখ ধুয়ে ফেলতে ভুলবেন না যেন। চাইলে সকালের স্কিনকেয়ারেও ভিটামিন সি সেরাম রাখতে পারবেন।
ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে প্রথমে টোনার অ্যাপ্লাই করুন, কয়েক মিনিট পর সেরাম ব্যবহার করুন। সেরামের দুয়েক ফোঁটাই পুরো মুখের জন্য যথেষ্ট। এরপর আপনার রেগুলার ময়েশ্চারাইজার মুখে মেখে নিন। দিনের বেলায় সঙ্গে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।

কখনোই ময়েশ্চারাইজারের মতো মুখে ঘষে ঘষে সেরাম লাগাবেন না। বরং আঙুলের ডগা দিয়ে আলতো করে গোটা মুখ এবং ঘাড়ে মেখে নিন।
যেহেতু এটি একটি অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট, তাই অন্য অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস এর সঙ্গে না মেশানোই ভালো। আমাদের মুখের ত্বক শরীরের অন্যান্য অংশের ত্বকের চেয়ে সেনসিটিভ বা সংবেদনশীল হয়ে থাকে, তাই সাবধানে থাকবেন।
সবচেয়ে ভালো হয়, ত্বকে আগে প্যাচ টেস্ট করে নিতে পারলে; অন্তত ২৪ ঘণ্টা রেখে দেখবেন ত্বকে কোনো ধরনের জ্বালাপোড়া হচ্ছে কিনা।


সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ভিটামিন
রূপচর্চায় সেরাম, জানুন সঠিক ব্যবহার
