বৃষ্টি যেমন নিয়ে আসে স্বস্তি, তেমনি সঙ্গে করে আনে চুল পড়ার ঝামেলাও। বর্ষাকালে চুল পড়া অস্বাভাবিক নয়, কিন্তু উপায় আছে, সহজ কিছু প্রাকৃতিক সমাধানে মিলতে পারে উপশম। বর্ষার দিনে অনেকেই এই সময়টায় চুল পড়ার সমস্যায় ভোগেন। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা, মাথার ত্বকে ছত্রাক, মানসিক চাপ, এমনকি বৃষ্টির পানিও এই সমস্যার অন্যতম কারণ।
তবে ভালো খবর হলো, চুল পড়া কমাতে বেশ কিছু কার্যকর ঘরোয়া উপায় রয়েছে। যেগুলো যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে, এবং এখনো সমান কার্যকর।
বর্ষায় কেন বাড়ে চুল পড়া?
বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় অনেকটাই। এই আর্দ্রতা মাথার ত্বকে জমে থেকে সৃষ্টি করে ছত্রাকের, যার ফলেই হয় খুশকি ও চুল পড়া। এ ছাড়া-
- বৃষ্টির পানির অম্লত্ব মাথার ত্বকে ভারসাম্যহীনতা তৈরি করে।
- দূষিত পানি চুলের প্রাকৃতিক তেল কেড়ে নেয়।
- বর্ষায় অনেকেই নিয়মিত খাবার খান না বা পানি কম পান করেন, তাতেও দুর্বল হয়ে পড়ে চুল।
- অতিরিক্ত মানসিক চাপেও চুল পড়ে।
বর্ষার চুল পড়া রোধে কার্যকর ঘরোয়া সমাধান
নারকেল তেল ও কারিপাতা
চুল পড়া রোধে দারুণ কার্যকর এই মিশ্রণ। নারকেল তেল চুলের গোড়ায় পুষ্টি জোগায়, কারিপাতা চুলকে করে মজবুত।
যেভাবে করবেন: দুই টেবিল চামচ নারকেল তেল গরম করে তাতে ১০টি কারিপাতা দিন। পাতাগুলো মচমচে হয়ে গেলে তেল ঠান্ডা করে মাথার ত্বকে ভালোভাবে মালিশ করুন। ৩০–৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা ও মেথির পেস্ট
মেথি চুলের গঠন উন্নত করে, অ্যালোভেরা মাথার ত্বকে ঠান্ডা অনুভব দেয়।
যেভাবে করবেন: দুই টেবিল চামচ মেথি সারারাত ভিজিয়ে রাখুন। সকালে তা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাথায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট, তারপর ধুয়ে ফেলুন।
পেঁয়াজের রস
অনেকেই পেঁয়াজের গন্ধ এড়িয়ে চলেন, কিন্তু উপকারিতা জানলে অবাক হবেন। পেঁয়াজ রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
যেভাবে করবেন: একটি পেঁয়াজ ব্লেন্ড করে রস ছেঁকে নিন। তুলার বল দিয়ে সরাসরি মাথার ত্বকে লাগান। ২০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আমলকির হেয়ার প্যাক
আমলকি চুলের গোড়া শক্ত করে, চুলে আনে প্রাকৃতিক জেল্লা।
যেভাবে করবেন: দুই টেবিল চামচ আমলকি গুঁড়োর সঙ্গে একটু টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
একটু বাড়তি যত্ন
- বর্ষার দিনে চুল ভেজা রাখবেন না।
- মাথায় ঘন ঘন হাত না চালিয়ে শুকিয়ে রাখুন।
- হেয়ার স্টাইলিং যন্ত্রপাতি (হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার) কম ব্যবহার করুন।
- প্রচুর পানি পান করুন আর পুষ্টিকর খাবার খান।
চুল শুধু সৌন্দর্যের অংশ নয়, আত্মবিশ্বাসেরও প্রতীক। তাই বর্ষার এই সময়টায় একটু বাড়তি যত্ন, একটু ঘরোয়া উপায়, চুলকে ফিরিয়ে দিতে পারে তার পুরোনো স্বাস্থ্য ও দীপ্তি।


বৃষ্টির দিনে কোঁকড়া চুলে ঝামেলা, রইল মুক্তির উপায়
শুধু ত্বকে নয়, স্ক্যাল্পেও দরকার সানস্ক্রিন
