ঈদুল আজহা উপলক্ষে ৪৩টি আন্তঃনগর ও ২৩টি কমিউটার ট্রেনে প্রতিদিন ৪৫ হাজার যাত্রী ঢাকা ছাড়বে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। এছাড়া আসনবিহীন ২৫ শতাংশ যাত্রী ও ঈদ বিশেষ ট্রেনে আরও প্রায় ২০ হাজার যাত্রী প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাড়ি যাবে। ঈদ উপলক্ষে আগামী পরশু থেকে চলবে ঈদ স্পেশাল ট্রেন।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো: কবির উদ্দিন মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন।
রেল কর্তৃপক্ষ জানায়, গত ১৩ মে ট্রেনে অগ্রিম বিক্রির টিকিট যারা নিয়েছে সেসব যাত্রী আগামীকাল শনিবার থেকে নির্দিষ্ট গন্তব্যে যাবে। আগামীকাল সকাল ৬টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্যে দিয়ে শুরু হবে ঈদযাত্রা।
কর্তৃপক্ষ জানায়, কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনা রোধে যাত্রীদের ছাদে ভ্রমণ নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়া বিনাটিকিটে স্টেশনে ঢুকলে বা ট্রেনে উঠলে জরিমানা গুনতে হবে।



