জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর। এ বিষয়ে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ৬০টি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্তও শুরু করেছে সংস্থাটি।
এক বিবৃতিতে ইউএসটিআর সতর্ক করেছে, কোনো দেশ বাণিজ্যে অন্যায্য আচরণ করলে সেই দেশের আমদানি পণ্যের ওপর শুল্কারোপ করা হবে। সংস্থাটির দাবি, এসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য কার্যকরভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, যাদের সাথে বাণিজ্য চুক্তি রয়েছে, তারা অতিরিক্ত ১০ শতাংশ শুল্কের মুখে পড়বে। আর যেসব দেশের সাথে কোনো চুক্তি নেই, তারা যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্কের মুখে পড়তে পারে।
তবে এই শুল্ক এখনই কার্যকর হবে না। চূড়ান্তভাবে বাস্তবায়নের আগে জনসাধারণের মতামত ও পর্যালোচনার মধ্য দিয়ে যাবে। ৬ জুলাইয়ের মধ্যে লিখিত মতামত দিতে হবে। ৭ জুলাই থেকে গণশুনানি শুরুর কথা রয়েছে।



