ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় স্কুটি চালক এক চীনা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লি চং ইয়াং (৪৮) নামের ওই ব্যক্তি নরসিংদীর মাধবদী বাগানবাড়ী এলাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লি’র। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ পাঠানো হয়েছে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে বসুন্ধরার আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতাল থেকে ওই চাইনিজ ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি রোড এক্সিডেন্টে তার মাথা ও ডানকান থেতলে যায় এবং মাথার খুলির হাড় খোলা ও ব্যান্ডেজ করা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
ওই চীনা ব্যক্তির সহকর্মী রুহুল আমিন বলেন, ‘লি চং ইয়ং নরসিংদীর মাধবদী বাগানবাড়ি এলাকার একটি কোম্পানিতে চাকরি করেন। গত ২৭ তারিখে স্কুটি চালিয়ে মাধবদী যাওয়ার পথে উত্তর ৩০০ ফিট যাওয়া মাত্রই দ্রুতগামী একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করি, ওখানে তার মৃত্যু হয়।’



