রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় বুধবার দুপুরে দালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে কোরে বেইজিং পৌঁছান তিনি। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার চীনা প্রধানমন্ত্রী এবং শুক্রবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান।
চীনে রাষ্ট্রীয় সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান থেকে এখন বেইজিংয়ে সরকার প্রধান।
বুধবার দালিয়ান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। সম্মেলনে ৯০টিরও বেশি দেশ থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যমের ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। কাজাখস্তানসহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
হাই-স্পিড ট্রেনে চীনের দালিয়ান থেকে স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। শুক্রবার সাক্ষাৎ করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। সেদিনই ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।



