স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সকলকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই এবং এটা ছাড়া আমার মতে বিকল্প কোনো উপায় নেই। শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।’
আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি ঠাকুরগাঁও যে পদক্ষেপগুলো আমরা নিতে যাচ্ছি, সেই পদক্ষেপের ফলে আমরা কিছুটা ইতিবাচক লাভ করবো অবশ্যই। আমরা চাই এ ব্যাপারে সকলে ইতিবাচক ভূমিকা পালন করবেন। মূল কাজ হচ্ছে প্রচার করা, যে মাদক খারাপ জিনিস এভাবে মানুষের সামনে মাদকের ভয়াবহতা তুলে ধরার আহ্বান জানাই।’
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও বিসিবির পরিচালক মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।



