আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ৩৫ বছরের মধ্যে এই প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকে ঐতিহাসিক বলছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার দুপুরে সার্বিক প্রস্তুতি বিষয়ে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের দিনই প্রকাশ হবে ফলাফলের গেজেট। ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ৩৫ বছর পর প্রথম ভোটগ্রহণের প্রস্তুতি চূড়ান্ত। কে হতে যাচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি, তা জানতে আগ্রহ সবার। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে চলবে ভোটগ্রহণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ।
বুধবার নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। জানান, ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী সব প্রস্তুতি নিয়েছে কমিশন।
সিইসি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের যত ধরনের প্রস্তুতি প্রয়োজন, তা আমরা সম্পন্ন করেছি। আমাদের প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি নেই। আমাদের বিশ্বাস, সুন্দর একটা নির্বাচন সম্পন্ন করতে পারব।’
বিধিমালা অনুযায়ী ভোটের দিন কোন প্রার্থী প্রচার-প্রচারণা চালাতে পারবেন না বলে জানান রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা। বলেন, ভোটগ্রহণের পর তাৎক্ষণিক গণনা শেষে বিজয়ীর নাম ঘোষণা হবে। ফলাফলের দিনই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে বলেও জানান তিনি।
সিইসি বলেন, ‘১৯৯১ সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপরে কিন্তু আর হয়নি। এ কারণে আমরা রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত না। সংসদ সচিবালয় যেখানে গভীরভাবে ইনভলভ থাকে, তারাও এই ধরনের কার্যক্রম করে অভ্যস্ত না। তারপরও আমরা যত রকমের এক্সারসাইজ সম্ভব ও দরকার, সেটা করেছি। যাতে করে আমাদের পুরো প্রক্রিয়ার মধ্যে কোনো গ্যাপ না হয়।’
তিনি আরও জানান, ভোটগ্রহণ শেষে কোন প্রার্থী কতটি ভোট পেল, কতটি ভোট বাতিল বা নষ্ট হলো, সংখ্যাগুলো সব বিস্তারিত ঘোষণা করা হবে। যিনি বিজয়ী হবেন বা যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, তার নাম ঘোষণা করা হবে। এরপর গেজেট প্রকাশ করা হবে।
দীর্ঘদিন পর রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে আরও একটি ভালো নির্বাচন উপহার দিতে কমিশন প্রস্তুত বলেও জানান সিইসি।



