দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হলো। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এই ভোটাভুটিতে অংশ নেন সব সংসদ সদস্যরা।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষে ভোট গণনা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এখন জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ভোট গণনা করছেন। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
দীর্ঘ ৩৫ বছর পর আজ জাতীয় সংসদ ভবনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অলি আহমদ।
জাতীয় সংসদে ভোট দেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪৯ জন সংসদ সদস্য অংশ নেন ভোটাভুটিতে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কথা জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন দলটি এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসায় এই নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন।



