দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বঙ্গভবনে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।
গতকাল ভোট গ্রহণ শেষে বিকেল সোয়া ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
জাতীয় সংসদে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার নির্দেশিকা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এর পরই শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত।
সাড়ে তিন দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনে একে একে ভোট দেন সংসদ সদস্যরা। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদে ৩৪৯ জন এমপি রয়েছেন, যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তবে ভোট পড়েছে ৩৪৩টি। ৬ জন উপস্থিত ছিলেন না।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী ছিলেন। ফলে ভোট আয়োজন করতে হয় আইনের বাধ্যবাধকতা মেনে।
দীর্ঘ ৩৫ বছর পর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেলেন সংসদ সদস্যরা৷ এই নির্বাচন সংসদীয় গণতন্ত্রে গতিশীলতা আনতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



