অসদাচরণ, দুর্নীতি ও পালানোর অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

অসদাচরণ ও দুর্নীতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং পালানোর অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

অপসারণ ও বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তারা হচ্ছে- নেত্রকোনার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার ও রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ রোকনুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম এবং পুলিশ স্টাফ কলেজে কর্মরত এএসপি মো. হাবিবুল্লাহ দালাল।

প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ রোকনুজ্জামান আরএমপিতে কর্মরত থাকার সময় কামরুজ্জামান নামে এক ব্যক্তিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করেন। এরপর তিনি ২০১৫ সালের ৬ আগস্ট, ১৮ আগস্ট ও ২২ সেপ্টেম্বর ডাচ্-বাংলা ব্যাংকের একটি একাউন্টে ২ লাখ ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে আরও তিন লাখ টাকা গ্রহণ করেন। তার বিরুদ্ধে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী কামরুজ্জামানের পুলিশের এসআই পদে চাকরি না হওয়ায় অভিযোগ অনুসন্ধান পর্যায়ে বহু ঘুরিয়ে ফিরিয়ে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর রোকনুজ্জামান ব্যাংকের মাধ্যমে ৫ লাখ ৩৯ হাজার ৯২৩ টাকা এবং পরদিন ১১ সেপ্টেম্বর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই দফায় ১২ হাজার ২৪০ টাকা ফেরত দেন। তিনি মোট ৫ লাখ ৫২ হাজার ১৬৩ টাকা ফেরত দেন।

এ ঘটনায় তদন্তের পর তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতিপরায়ণতার’ অভিযোগ প্রমাণিত হয়। ২০২১ সালে তদন্তকারী কর্মকর্তা অভিযোগের সত্যতা পান। পরে তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু ওই নোটিশের তিনি কোনো জবাব দেননি।

পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাকে চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড দেওয়ার পক্ষে মত দেয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। তিনি নেত্রকোনার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

অপরদিকে, পুলিশ স্টাফ কলেজে কর্মরত এএসপি মো. হাবিবুল্লাহ দালাল ২০২৫ সালের ২২ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ছুটি ভোগের পর ২৬ জানুয়ারি কর্মস্থলে যোগ দেননি। সরকারি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থেকে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী স্ত্রীর কাছে চলে যান বলে সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে।

তার অননুমোদিত অনুপস্থিতিকাল ৬০ দিনের বেশি হওয়ায় পুলিশ অধিদপ্তর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে। পরে বিভাগীয় মামলায় তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়। তদন্তে দুটি অভিযোগই প্রমাণিত হয়। দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশেরও তিনি কোনো জবাব দেননি।

পরে পিএসসি তাঁকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মত দেয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর পলায়নের তারিখ অর্থাৎ ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার স্থায়ী ঠিকানায় একাধিকবার নোটিশ প্রেরণ এবং ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ ও ই-মেইলেও একাধিকবার পত্র প্রেরণ করা হলেও তিনি কোনো জবাব দেননি।

অননুমোদিত অনুপস্থিতি ৬০ দিনের বেশি হওয়ায় ২০২৫ সালের আগস্টে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। মামলায় তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়। তদন্তে অভিযোগ দুটি প্রমাণিত হওয়ার পর তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।

পরে পিএসসি তাকেও চাকরি থেকে বরখাস্তের পক্ষে মত দেয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর পলায়নের তারিখ ২০২৫ সালের ৯ মার্চ থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিতে জনগণের ভোগান্তি সম্পর্কে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কোনো কিছু করতে পারবে, সেটা বিশ্বাস করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান।
জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য গাছ থেকে কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গোলাম রাব্বানী শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরপুরে পাখি শিকারের দায়ে নেজামুল নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে শিকারের সরঞ্জামসহ ১২টি বক ও ছয়টি বেগুনি কালেম উদ্ধার করা হয়। মঙ্গলবার...
সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত অপরাধ প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লোডিং...
```html ```

এলাকার খবর