বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা। সেইসাথে প্রতিবেশী দেশের সঙ্গে ভারত ভালো সম্পর্ক চায় বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার পশ্চিমবঙ্গের বারাসাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন বক্তব্য সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত।
বাংলাদেশ-ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সাবেক এই জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, দুই দেশের সম্পর্কের ভিত দীর্ঘদিনের।
এছাড়া আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের ইস্যুতে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারতের অবস্থান সবসময়ই ধারাবাহিক। ভারত তার ঘনিষ্ঠ অংশীদার ও প্রতিবেশীদের বিভিন্ন আয়োজনে আমন্ত্রণ জানিয়ে থাকে। ব্রিকসের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে যোগদানের বিষয়টি সংশ্লিষ্ট দেশের ওপর নির্ভর করছে, বলেন হর্ষবর্ধন শ্রিংলা।



