প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন শেভরনের বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ বিভাগের প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসা।
সাক্ষাতে শেভরন প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এসময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



