শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি। আজ সোমবার সকালে রাজধানীতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বসতি দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য। দিবসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, শহরাঞ্চলে বাড়তি মানুষের চাপ কমানোর লক্ষ্য সরকারের। এজন্য দেশের বিভিন্ন অঞ্চল ঘিরে পরিকল্পিত নগরায়ন ব্যবস্থা গড়তে কাজ চলছে। দেশের সব মানুষের জন্য বাসস্থান নিশ্চিতের এবং মানসম্মত আবাস তৈরির উদ্যোগের কথাও জানান সরকারপ্রধান।
এর আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


