সরকারের ব্যর্থতা ঢাকতে বিভিন্ন ক্যাম্পাসে হামলা করে জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার রাজধানীর পল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে শিবির সভাপতি দাবি করেন, চট্টগ্রামে হামলার পিছনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত। তার অভিযোগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুলাই গ্রাফিতি মুছে ফেলছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সাদ্দাম বলেন, ‘এ ধরনের হামলায় ছাত্রলীগের মতো হেলমেট ব্যবহার করছে ছাত্রদলের নেতাকর্মীরাও।’
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, বিভিন্ন ক্যাম্পাসে, গণরুম ও গেস্ট রুম কালচার শুরু করেছে ছাত্রদল।
চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে উভয় পক্ষের কর্মীদের দেখা গেছে। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই পক্ষই দাবি করেছে।



