ভারত থেকে দেওয়া পলাতক শেখ হাসিনার বক্তব্যকে পাত্তা দিচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানান।
নাছির উদ্দীন লিখেছেন, পলায়নের দুই বছর পরে সাজাপ্রাপ্ত পলাতক ফ্যাসিস্ট খুনি হাসিনার পর্দার আড়ালের কথিত সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য আমরা পাত্তা দিচ্ছি না। কিন্তু বিদেশের মাটিতে বসে জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ঘৃণা প্রকাশ করছি।
তিনি লিখেছেন, ভারতীয় কর্তৃপক্ষকে তাকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখতে হবে। ফ্যাসিস্ট হাসিনা ও তার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশের সকল দল - মত - আদর্শের মানুষ ঐক্যবদ্ধ।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরও বলেন, খুনি হাসিনার প্রশ্নে আমরা আজীবন ২০২৪ সালের ০৫ আগস্টের প্রথম প্রহরের মতো ঐক্যবদ্ধ থাকব। ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের আপামর ছাত্রজনতা অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবে।



