বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চক্রান্ত করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশি–বিদেশি যড়যন্ত্রকারীরা শুরু থেকেই জিয়াউর রহমানকে সহ্য করতে পারতেন না। বেগম খালেদা জিয়াকেও চক্রান্ত করে হত্যা করা হয়েছ। তিনিও শহীদ। স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা ও গণতন্ত্র ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবনা।
তিনি বলেন, মহান নেতৃত্বের স্পর্শে বিএনপি জনপ্রিয় দলে পরিণত হয়েছে। ভয়ঙ্কর নিপীড়নের পরও বিএনপিকে দমানো যায়নি। নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করার নীতিতে আমরা বিশ্বাসী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নির্বাচনের আগের অঙ্গীকার একে একে বাস্তবায়ন করছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তাঁর কাজে সততা প্রতিষ্ঠিত করেছেন। এগুলো বিএনপির গৌরব।
এ সময় শরীয়তপুরে সাংবাদিক নিপীড়নের ঘটনা সত্য হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান রুহুল কবির রিজভী।
আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি জানান, জাতীয়তাবাদী দলের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে সাফল্যমণ্ডত করতে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপি কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী মাজারে যাবেন, দোয়া-মোনাজাত করবেন। ৫ সেপ্টেম্বর আলোচনা সভা। আরও খসড়া কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো পরে আলোচনা করে জানানো হবে।



