প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ নেতারা।
সোমবার রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।
এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, লংমার্চে ঢাকা থেকে ১ হাজার গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। যাত্রাপথে আরও গাড়ি লংমার্চের বহরে যুক্ত হবে বলে জানান তিনি।
লংমার্চকে ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই জানিয়ে মিয়া গোলাম পরওয়ার লংমার্চ সফল করার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। দাবি আদায়ে পাশে থাকার আহ্বান জানিয়ে লংমার্চের ভোগান্তির জন্য জনগণের কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেন তিনি ৷



