জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকারি টাকা যদি কারও পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় যেতে হবে। আজ শনিবার নাটোরে এক অনুষ্ঠানে তিনি এই হুশিয়ারি দেন।
তিনি বলেন, 'আপনাদের কাছে একটাই অনুরোধ, ওই চুরি, ওই যে দুর্নীতি আওয়ামী লীগ করেছে। টাকায় টাকা ভাগ করে খাওয়ার হিসেব। সরকারি টাকা যদি কারও পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় তাকে যেতে হবে।'
আজ দুপুরে নাটোরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় দরিদ্র-দুঃস্থ ২৬৭ জন রোগীর মাঝে ৫ হাজার টাকা করে ১৩ লক্ষ ৩৫ হাজার টাকার চেক এবং উন্নয়নমূলক কাজের জন্য ১৯৪টি প্রতিষ্ঠানের মাঝে প্রায় ৩ কোটি টাকার চেক বিতরণ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী ৫ বছর স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং অন্য ধর্মের প্রতিষ্ঠান- কেউই সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে না। সরকারের অর্থ দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে সব ধরণের সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় নেতাকর্মীরা।



