বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে লংমার্চে হাজার হাজার লিটার তেলের টাকা কোথায় পান।’ রোববার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন জান্নাতের টিকিট বিক্রি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ তারাই আবার তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেষ্ট থাকা, পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানো জরুরি।’ এছাড়া যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, বোদা উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সাঁতার প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।



