ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফুল ইসলামও।
জানা গেছে, গাড়ি পার্কিং নিয়ে আলতাব হোসেনের বাসার কাছে দুই পক্ষের বাগবিতণ্ডা চলছিল। এসময় তিনি এক ব্যবসায়ীর পক্ষ নিয়ে মাদকাসক্ত কয়েকজনের বিরোধিতা করলে তিনি আক্রমণের শিকার হন।
ঘটনার বর্ণণা দিয়ে স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারে মদিনা হাউজিং এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে মাদকাসক্ত কয়েকজনের সাথে তর্কে জড়ান এক ব্যবসায়ী। এর প্রতিবাদ করেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা চড়াও হয় তার ওপর। অতর্কিত পেটাতে থাকে আলতাব হোসেনকে।
তাকে উদ্ধার করতে গিয়ে ছোট ছেলে আরিফুল ঘটনাস্থলে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সুরতহাল রিপোর্ট তৈরি করা পুলিশ সদস্য জানান, নিহতের কপালে ও বুকে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্য হয়। শেরে বাংলা নগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি নিহতের ছোট ছেলে আরিফুলের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।



