বিএনপি কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি। যখনই ক্ষমতায় গিয়েছে বিএনপি ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সোমবার বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সারা দেশে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনাকে সামনে রেখে এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভার শুরু করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস অনেক আগের। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠে এসেছিল। সে আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দল সে দাবিগুলো মেনে নিয়েছিল। কিন্তু ৯৬ সালে বিএনপিই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা না মেনে এক তরফা নির্বাচন দিয়ে ক্ষমতায় গিয়ে টিকতে পারেনি। আন্দোলনের মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে।’
তিনি বলেন, ‘২০০৬ সালেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নাটক করেছে। বিচার বিভাগকে রাজনীতীকরণ করে, নিজেদের বিচারপতি বসিয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের একই কায়দায় বিএনপি সব সময় চেষ্টা করেছে ক্ষমতা কুক্ষিগত করতে। কিন্তু আওয়ামী সফল হয়েছে, বিএনপি সফল হতে পারেনি।’
এনসিপি নেতা নাহিদ বলেন, ‘বিএনপি এবারো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে টালবাহানা করছে। নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে। তাদের সে চেষ্টা সফল হতে দেওয়া হবে না।’
এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্মআহবায়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


