মার্কিন নির্বাচনকে সামনে রেখে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। গতকাল বুধবার মার্কিন ফ্যাক্টচেক সংস্থা দ্য সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের (সিসিডিএইচ) একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মার্কিন নির্বাচন কেন্দ্রিক ২৮৩টি বিভ্রান্তিকর পোস্ট বিশ্লেষণ করেছে সিসিডিএইচ। এরমধ্যে ২০৯টি অর্থাৎ ৭৪ শতাংশই ছড়িয়েছে এক্সের মাধ্যমে।
সিসিডিএইচ জানায়, তাদের নমুনার ২০৯টি বিভ্রান্তিকর পোস্টে কমিউনিটি নোট প্রদর্শন করা হয়নি। এগুলো প্রায় দুই শ কোটি বারের বেশি দেখা হয়েছে।
এ নিয়ে এক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
গত বছর কমিউনিট নোট ফিচার চালু করেছে এক্স। এতে ব্যবহারকারীরা বিভ্রান্তিকর পোস্টের বিষয়ে কমেন্ট করতে পারতেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধি পাওয়ার বিষয়ে এক্সের বিরুদ্ধে একটি মামলা করেছিল সিসিডিএইচ। চলতি বছর এ মামলাটি হেরে যায় এক্স।
এক্সসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নির্বাচন এবং ভ্যাকসিন সম্পর্কে ভুল তথ্য এবং ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেওয়ার জন্য বছরের পর বছর ধরে প্রশ্নের সম্মুখীন হচ্ছে।


