তরুণদের মধ্যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বা ডেটা প্রাইভেসি বিষয়ে সচেতনতা বাড়াতে আয়োজিত ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে থট পুলিশ। প্রথম রানারআপ হয়েছে এজেন্টওয়ান এবং দ্বিতীয় রানারআপ সেড পিপল। প্রতিযোগিতায় সেরা ১০টি দলকে মোট পাঁচ লাখ টাকার পুরস্কার দিয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। ৫ নভেম্বর ঢাকায় রবির করপোরেট কার্যালয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। লক্ষ্য ছিল ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সম্পর্কে তরুণদের সচেতন করা। সেই সাথে উদ্ভাবনী ও কার্যকর সমাধান তৈরিতে উৎসাহিত করা। প্রতিযোগিতার বিভিন্ন ধাপের মূল্যায়ন শেষে ২০টি দলকে ‘প্রাইভেসি ডিফেন্ডার’ হিসেবে নির্বাচিত করা হয়। সেখান থেকে সেরা ১০টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। দলগুলো ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, গ্রাহকের আস্থা, ব্যবসায়িক প্রয়োজন এবং নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে নিজেদের উদ্ভাবনী ধারণা তুলে ধরে। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া অন্য দলগুলো হলো সিভ ভোডার্স, সিইউ-ইটি-ই এনক্রিপটেড ওয়েভস, এইজাকমি, টিম সাদ্দু, টিম ব্ল্যাক কফি, দ্য সাইফার গার্লস ও প্রজেক্ট রেড স্কাই।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ‘তরুণেরা যেন শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে না থাকে, নিজেদের মেধা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তার নতুন সমাধান তৈরি করে। তরুণদের এই সক্ষমতা কাজে লাগাতে পারলে দেশে নিরাপদ ও আস্থাভিত্তিক ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সহজ হবে।’
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন বলেন, ‘এ ধরনের উদ্যোগ তরুণদের ডেটা প্রাইভেসি ও সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সমাধান তৈরিতে উৎসাহিত করছে। সরকার, শিল্পখাত ও তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় দেশে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল পরিবেশ গড়ে উঠবে।’
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ‘বর্তমান ডিজিটাল অর্থনীতিতে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা দীর্ঘমেয়াদি ডিজিটাল আস্থা ও টেকসই প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগ এবং ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তায় উদ্ভাবনী সমাধান তৈরিতে উৎসাহিত করা হচ্ছে।’
প্রতিযোগিতার পাশাপাশি রবির সপ্তাহব্যাপী ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগের আওতায় কর্মী, ব্যবসায়িক অংশীদার, গ্রাহকসেবা ও কলসেন্টারের কর্মী, সরবরাহকারী এবং পরিবেশকদের জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে আলোচনা, কুইজ ও প্রশিক্ষণ।


