মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করেছেন অজি ব্যাটাররা। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ৮৬ রানে (ডিএলএস পদ্ধতিতে) জয়ের পর আজকের ম্যাচে জয় পেলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের।
ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথমবার সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আজ মাঠে নেমেছে মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি গৌরবান্বিত জয় তুলে নিতে কতটা মরিয়া টাইগাররা সেটা সকালে বল হাতে ভালোই বুঝিয়েছেন তাসকিন-মোস্তাফিজরা।
বৃহস্পতিবার সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে ইনিংসের শুরু থেকেই তাসকিন-মোস্তাফিজদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। তাদের প্রথম ৪ ব্যাটসম্যানের ৩ জনই ফিরেছেন শূন্য রানে।
ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই ম্যাথিউ শর্টকে পরিষ্কার বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। ওভারের প্রথম ও শেষ বলে তিনি তুলে দেন কুপার কনোলি ও ম্যাট রেনশ'র উইকেট দুটি। এ পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২ ওভারে শূন্য রানে ৩ উইকেট!
এরপর অধিনায়ক জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ইনিংসের অষ্টম ওভারে ব্যক্তিগত ১৩ রানে ক্যারি ফিরেছেন মোস্তাফিজের বলে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে। ইংলিশের প্রতিরোধ থামে ৩৪ রানে, বাঁহাতি স্পিনার তানভির ইসলামের বলে তানজিদ তামিমের তালুবন্দী হয়ে। অস্ট্রেলিয়ার স্কোর তখন ৫ উইকেটে ৬৮।
তানভির নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান ক্যামেরিন গ্রিনকে নিজের বলে তালুবন্দী করে। আজ গ্রিনের প্রতিরোধ থেমেছে ২৫ রানে।
বর্তমানে উইকেটে আছেন লোয়ার-অর্ডারে ব্যাটিংয়ে নামা মার্কাস লাবুশানে ও জাভিয়ের বার্টলেট। লাবুশানে ২৭ রানে এবং বার্টলেট ২৮ রানে অপরাজিত আছেন। ৬ ওভারে ১৯ রান খরচায় মোস্তাফিজ নিয়েছেন ৩ উইকেট। তানভিরের সংগ্রহ ২টি এবং তাসকিনের ১টি উইকেট।
উল্লেখ্য, আজ টাইগার একাদশে ওপেনার সাইফ হাসানের পরিবর্তে খেলছেন সৌম্য সরকার।



